পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি।
রোববার রাতে পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনকালে দুই প্রতিমন্ত্রী ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তারা হাসপাতালের সার্বিক পরিবেশ ও রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মানও যাচাই করেন।
পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল, জেলা প্রশাসক আবু সাঈদ এবং পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় দুই প্রতিমন্ত্রী চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীরা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, চিকিৎসা নিতে কোনো ধরনের সমস্যা বা অসুবিধার মুখোমুখি হচ্ছেন কি না—এসব বিষয়েও রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তারা।
এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার পরিবেশ, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। রোগীদের যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন দুই প্রতিমন্ত্রী।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, দুই প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের জন্য নির্ধারিত খাবারের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, পিরোজপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। এ কারণে প্রতিমন্ত্রীরা ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা দেওয়া হচ্ছে।
আমার বাঙলা/ রাব্বি