ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেছেন, মো. আলাউদ্দিন নামের এক ছাত্রদল নেতা ও তার সহযোগীরা তাকে ‘দাঁত না রাখার’ হুমকি দিয়েছেন। একই সঙ্গে তাকে হেনস্তা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
মুসাদ্দিক বলেন, ওইদিন বেলা ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে তিনি কলা ভবনের পেছনের ফটক দিয়ে ক্লাসে যাচ্ছিলেন। তখন আলাউদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করেন।
তিনি জানান, পথ আটকে দাঁড়ালে তিনি জানতে চান কী হয়েছে এবং তিনি তাদের চিনতে পারছিলেন না। এরপরই আলাউদ্দিন তাকে উদ্দেশ করে বলেন, “তুই আমাকে চিনতে পারতেছিস না?”—এমন কথা বলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং হুমকি দেন, “তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না।”
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে আলাউদ্দিন তাকে মারতে উদ্যত হন। তার সঙ্গে থাকা অন্যরা তাকে সরিয়ে নিলেও তিনি বারবার এগিয়ে এসে হামলার চেষ্টা করেন এবং চলে যাওয়ার সময়ও হুমকি দেন বলে দাবি করেন মুসাদ্দিক।
এবিষয়ে ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন বলেন, ‘আমি মুসাদ্দিককে বলেছি, তুমি আমার নামে যে মিথ্যা কথা লিখেছ, আমিও তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র। আমার নামে যে ভুয়া কথাগুলা, মিথ্যা প্রপাগাণ্ডা কেন ছড়িয়েছে, এ কথার জবাব চেয়েছি শুধু তার কাছে।’ এই জবাব চাওয়া কোনো অন্যায় কি না, সে প্রশ্ন রাখেন তিনি।
ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে প্রথমবার পড়াশোনা করতে না পারায় তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পুনঃর্ভর্তি হন। তারপর ২০২৩-২৪ সেশনে দ্বিতীয়বারের মতো আবার ভর্তি হন।