ঈশ্বরদীতে দুর্বৃত্তদের অমানবিক মারধরে মেহেদী হাসান (১৭) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়ার আনিসুর রহমানের ছেলে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মেহেদীকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। পরে ভোররাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে যায়।
হাসপাতালে মেহেদীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তার বাবা ও পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এরপর জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে রাজশাহীর উদ্দেশে নেওয়ার পথে লালপুর এলাকায় পৌঁছালে মেহেদীর মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মেহেদীকে কখন, কোথা থেকে এবং কারা ধরে নিয়ে গিয়ে মারধর করেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ধারণা জানানো হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আমার বাঙলা/ রাব্বি