পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কদমতলা বাজারে ইউনিয়ন বিএনপি, সহযোগী সংগঠন ও স্থানীয় সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কদমতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা ও ইউপি সদস্য মোঃ রিয়াজ হোসেন উজ্জ্বল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মোল্লা।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন কদমতলা বাজার কমিটির সভাপতি মহসিন মোল্লা, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব সেন ও নারী প্রতিনিধি সুমি আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ ভিত্তিহীন মামলায় তাঁদের জনপ্রিয় দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আমার বাঙলা/ রাব্বি