গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বস্তিবাসীরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর টঙ্গী উড়াল সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাজীর মাজার বস্তি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বস্তিবাসীরা। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে এসে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীরা অভিযোগ করেন, কয়েকজন মাদক ব্যবসায়ীর কর্মকাণ্ডের দায় সাধারণ বস্তিবাসীদের ওপর চাপিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
তাদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ মেনে নেওয়া হবে না। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল হোসেন জানান, বিক্ষোভকারীরা দীর্ঘ সময় সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আমার বাঙলা/ রাব্বি