১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উন্মাদনা বিরাজ করছে।
স্পেনের খেলোয়াড়দের সমর্থন জানাতে ফাইনাল ভেন্যুতে উপস্থিত রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া, ক্রাউন প্রিন্সেস লিওনর এবং ইনফান্টা সোফিয়া। লামিন ইয়ামালদের হাতে বিশ্বকাপ ট্রফি উঠতে দেখার আশায় যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য জোয়ান ক্যাপদেভিলাও। তবে ভ্রমণ অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত যাত্রাই অনিশ্চিত হয়ে পড়েছে।
৪৮ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রয়োজনীয় ট্রাভেল অথোরাইজেশন না পাওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রকাশ্যে সহায়তা চেয়েছেন।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেন যে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্যাপদেভিলা। এবার তিনি সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার পাশাপাশি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে উপভোগ করার আশা করেছিলেন।
ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৯০ দিন ভ্রমণের জন্য ‘ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন’ (ESTA)-এর অনুমোদন প্রয়োজন হয়। ক্যাপদেভিলার দাবি, তার আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমার সাহায্য প্রয়োজন। আমাকে জানানো হয়েছে, আমার ভ্রমণ অনুমতির আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে সন্তানদের নিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারছি না।”
তিনি আরও লেখেন, “কেউ কি আমাকে এ বিষয়ে সাহায্য করতে পারবেন? ২০১০ সালের সতীর্থদের সঙ্গে আবার দেখা করা এবং বর্তমান দলকে উৎসাহ দেওয়ার জন্য আমি কতটা অপেক্ষা করছিলাম, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”
ক্যাপদেভিলা বলেন, “আমি বিশ্বাসই করতে পারছি না যে আমাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ফুটবলপ্রেমী আমার সন্তানদের সঙ্গে এমন একটি ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করার সুযোগ হয়তো হারাতে যাচ্ছি। কেউ যদি এই সমস্যার সমাধানের উপায় জানেন, তবে আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।”
শুধু ট্রাম্পই নন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছেও সহায়তা চেয়েছেন ক্যাপদেভিলা। নিজের পোস্টে তিনি স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের অ্যাকাউন্টও ট্যাগ করেছেন।
স্প্যানিশ রেডিও স্টেশন ‘কোপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাপদেভিলা জানান, তার ধারণা ২০১৬ সালে ইরানে একটি প্রদর্শনী ম্যাচ খেলায় অংশ নেওয়ার কারণেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।
২০০৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী এই ফুটবলার ‘লা লিগা লিজেন্ডস’ দলের হয়ে তেহরানে ইরানের অল-স্টার দলের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন।
বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় ক্যাপদেভিলা প্রথম নন। এর আগে গত মাসে সোমালি রেফারি ওমর আরতানকেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়ায় টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);