সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের সামনে সত্য প্রকাশ করাই গণমাধ্যমের দায়িত্ব। তিনি বলেন, যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী।
সাংবাদিকদের হয়রানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা, মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ নয়, দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
একই দিনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের সংগ্রামে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জনগণের আস্থা অর্জন করেছে।
পরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিতীয় তলার ভিআইপি হলরুমে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে এনটিভি দর্শক ফোরামের সভাপতি আহমেদুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’ উদ্বোধন করেন মির্জা ফখরুল। এ সময় তিনি কৃষির উন্নয়নে দেশীয় উদ্ভাবনকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরে স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৬৩ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেন তিনি। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);