রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনপুষ্ট দল ইউনাইটেড রাশিয়া পার্টি। অধিকাংশ ব্যালট গণনার পর দেখা গেছে, ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে বিরোধী দলগুলোর তুলনায় অনেক এগিয়ে রয়েছে শাসকদল।
২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই নির্বাচনী ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা প্রমাণ করে যে পুতিনের যুদ্ধসংক্রান্ত নীতির প্রতি রুশ জনগণের জোরালো সমর্থন রয়েছে।
রাশিয়ায় বৈধ ভোটারের সংখ্যা প্রায় ১১ কোটি। তিন দিন ধরে চলা এই নির্বাচনে প্রায় ৫৯ শতাংশ ভোট পড়ে। মূলত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হলেও বিভিন্ন দেশে বসবাসকারী রুশ নাগরিকেরা ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দিয়েছেন। পাশাপাশি ক্রিমিয়া এবং জাপোরিঝিয়ার মতো বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডেও এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রুশ আইনসভা স্টেট ডুমার মোট ৪৫০টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ডুমার সিংহভাগ আসনেই জয়ী হয়ে নিরঙ্কুশ ও সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে চলেছে ইউনাইটেড রাশিয়া পার্টি। ২০২১ সালের নির্বাচনে দলটি ৩২৪টি আসনে জয়ী হয়েছিল, এবং এবারের ফলাফলে তারা সেই ধারাবাহিকতা ও প্রাধান্য বজায় রাখল।
২০০১ সাল থেকে রাশিয়ার ক্ষমতায় থাকা ইউনাইটেড রাশিয়া পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসেবে নেপথ্যে রয়েছেন ভ্লাদিমির পুতিন। খাতায়কলমে তিনি নির্দলীয় হলেও এই দলের সর্বময় ক্ষমতার কেন্দ্র তিনিই। ফলে দলটির এই বিশাল রাজনৈতিক সাফল্য সরাসরি প্রেসিডেন্ট পুতিনেরই রাজনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।
আমার বাঙলা/রাজীব