২০২১ সালে রাজধানীর বনানীতে নিজ বাসায় র্যাবের অভিযান, গ্রেপ্তার এবং ২৮ দিনের কারাবাসের অভিজ্ঞতা নিয়ে দীর্ঘদিন পর মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি র্যাবের সাবেক এক কর্মকর্তার বক্তব্য প্রকাশ্যে আসার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে সত্য ও ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন এই অভিনেত্রী।
শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা জানান পরীমনি।
পোস্টে র্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, সম্প্রতি একটি অনলাইন টক শোতে তিনি এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছেন যে বনানীতে তার বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।
পরীমনির ভাষ্য, ওই ঘটনা তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। তিনি লেখেন, ‘আমার জীবনের একটি অধ্যায় আমাকে একজন শিল্পী, একজন নারী এবং একজন মানুষ হিসেবে গভীরভাবে আঘাত করেছিল। সেই ঘটনার কারণে আমার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়। সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া আর কেউ পুরোপুরি বুঝতে পারবে না।’
তিনি আরও দাবি করেন, গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত তিনি ওই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবেই জীবন কাটাচ্ছেন। তার ভাষায়, ‘যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে এবং আমার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।’
রাষ্ট্রের উদ্দেশে কয়েকটি প্রশ্নও তোলেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমার হারিয়ে যাওয়া সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে সম্মান, মানসিক শান্তি ও জীবন আমি হারিয়েছি, তা কি আর কখনও ফিরে পাব? আমাকে নিয়ে মানুষের মনে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?’
তবে অতীতের ঘটনাকে কেন্দ্র করে প্রতিশোধ নয়, বরং সত্য ও ন্যায়বিচারের পক্ষে থাকতে চান বলেও জানান পরীমনি। তিনি লেখেন, ‘আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে অপমানও করতে চাই না। আমি শুধু চাই, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন।’
পোস্টের শেষদিকে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি জানান, অতীতের ক্ষত নয়, বরং নতুনভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান। পরীমনি লেখেন, ‘আমি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উড়তে চাই। আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার এবং আমার দর্শকদের ভালোবাসা নিয়েই আমি বাকি জীবন বাঁচতে চাই।’
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);